
দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা : দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমাণ আদালতে এক মহিলা প্রতারককে ৪৫ দিনের সাজা প্রদান করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামী হলো, সাতক্ষীরার তালা উপজেলার তালামহল্লাপাড়া গ্রামের মৃত অজেদ সরদারের মেয়ে মিতা পারভিন (৩৫)। সে বিভিন্ন সহযোগীর মাধ্যমে ভূয়া এনজিওর নাম করে দেবহাটাসহ জেলার বিভিন্ন উপজেলায় মহিলাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে নগদ টাকা আদায় করত।
সূত্রমতে জানা গেছে, মিতা দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর, নাংলা ও গাজীরহাট এলাকায় বিভিন্ন মহিলাদের নিকট থেকে গরু, ছাগলসহ বিভিন্ন সহযোগীতার দেয়ার নাম করে টাকা নিয়ে লাপাত্তা হয়। গতকাল সোমবার সে আবারো উপজেলা সমাজসেবা অফিসের নাম করে গাজীরহাট এলাকায় মহিলাদের নিকট থেকে প্রতারণা করে টাকা আদায়কালে স্থানীয়রা ইউপি সদস্য মিজানুর রহমানকে সংবাদ দেয়। পরে ওই ইউপি সদস্যের উপস্থিতিতে মিতার কাছে তার এনজিও’র নাম জিজ্ঞাসা করা হয়। তখন সে কালীগঞ্জের এক এনজিওর নাম বলে।
সেখানে খবর নিয়ে জানা যায়, ওই নামে সেখানে কোন এনজিও নেই। পরে এলাকাবাসী তাকে ধরে সমাজসেবা অফিসে নিয়ে আসলে তার প্রতারনার বিষয়টি স্পষ্ট হয়। পরে তাকে পুলিশের সোপর্দ করলে পুলিশ তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের দপ্তরে হাজির করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৪৫দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য বেশ কিছুদিন যাবৎ একটি কুচক্রীমহল বিভিন্নভাবে প্রতারণা করে মহিলাদেরকে ব্যবহার করে বিভিন্ন এনজিওসহ একাধিক সংস্থার নাম করে প্রতারণা করছে। প্রশাসনের পক্ষ থেকে এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ মানুষ দৃষ্টি আকর্ষণ করেছেন।