
নিউজ ডেস্ক: লাইফস্টাইল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ৫ দিন ব্যাপী ১০ম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে ঢাকার কুড়িলের বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়।
বিগত কয়েক বছরে ব্যাপক সাফল্যের পর কনফারেন্স এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (ইউ.এস.এ) ও সেমস বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ১০ম বারের মতো এই মেলা আগামী ৪ঠা জুন পর্যন্ত চলবে। মেলায় ১০টি দেশ থেকে প্রায় ১০০টি প্রতিষ্ঠান এই মেলাতে অংশ নিয়েছে বিভিন্ন পণ্য ও সেবাসমূহ সামগ্রী নিয়ে ।
এশিয়ার উৎপাদনকারী দেশগুলো ঢাকায় একত্রে মিলিত হবার বড় সুযোগ সৃষ্টি করতে এই মেলার বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানান আয়োজকরা । সেমস ইউ.এস.এ. “এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা” নামক সিরিজ মেলাটি এশিয়ার বিভিন্ন দেশে আয়োজন করে থাকে। এর মূল লক্ষ্য হচ্ছে এশিয়া অঞ্চলের ভিতরে কার্যক্রম পরিচালনার মাধ্যমে উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানীসমূহের জন্য একটি চালিকাশক্তি এবং উৎপাদনকারীদের জন্য একটি কৌশলগত পদক্ষেপ হিসাবে কাজ করা। একইসাথে কার্যপদ্ধতির উন্নতি এবং প্রদর্শনকারীদের অন্যান্য প্রতিযোগীদের তুলনায় এশিয়া নামক বিশাল মার্কেটের শ্রেষ্ঠতর অবস্থানে পৌছে দেয়া।
এশিয়া হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নয়নশীল অঞ্চল, যার শুধুমাত্র এশিয়া প্যাসিফিক অঞ্চলেই বার্ষিক জি.ডি.পি. গড় ৬.৩ শতাংশ এবং দক্ষিণ এশিয়ার গড় ৬.৫ শতাংশ, যা বাকী বিশ্বের তুলনায় ৩.১ শতাংশ বেশি। ২০০১ সাল থেকে পৃথিবীর অর্থনৈতিক উন্নয়নের পেছনে এশিয়ার অবদান অর্ধেকেরও বেশি। এশিয়া পৃথিবীর জি.ডি.পি. বৃদ্ধিতে প্রায় ২১ শতাংশ অবদান রাখছে ।
এই মেলাটি হবে উৎপাদনকারী ও সরবরাহকারীদের পণ্য ও সেবা প্রদর্শনের জন্য একটি আদর্শ মঞ্চ এবং এই মেলায় সংশ্লিষ্ট প্রতিনিধি, পরিবেশক, আমদানীকারক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, পাইকারী, খুচরা বিক্রেতা, হোটেল, রেস্টুরেন্ট সমূহের বাণিজ্যিক প্রতিনিধি, সেবা গ্রহণকারী ভারত, পাকিস্তান, শ্রীলংকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মায়ানমার, ভুটান, মালয়েশিয়া ও ভিয়েতনাম থেকে আগত অন্যান্য ক্রেতাদের জন্য একটি মিলনস্থল।