
নিউজ ডেস্ক: রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি বেইলি ব্রিজ ভেঙ্গে দুটি ট্রাক গভীর খাদে পড়ে গেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ব্রিজ ভেঙে পড়ায় রাজশাহী-প্রেমতলী-বিদিরপুর-গোদাগাড়ী-চাঁপাইনবাবগঞ্জ রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি দল। তবে তারা এখনো উদ্ধার কাজ শুরু করতে পারেনি। স্থানীয়রা জানায়, বুধবার ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস মহাসড়কের বসন্তপুরে একটি সড়ক দুর্ঘটনার পর বাইপাস সড়কটিতে যান চলাচলের জন্য বন্ধ হয়ে যায়।
ফলে ঢাকা ও রাজশাহী থেকে ছেড়ে যাওয়া যানবাহনগুলি ভেতর পথে রাজশাহী-প্রেমতলী-বিদিরপুর রুটে চলাচল শুরু হলে একটি সিমেন্টবাহী বড় ট্রাক উঠামাত্রই ব্রিজটি দেবে যায়। এরই মধ্যে আরেকটি সিমেন্টবাহী ১০ চাকার ট্রাক ব্রিজটির উপর উঠে পড়লে দুটি ট্রাকই ব্রিজ ভেঙ্গে নীচে পড়ে যায়।
এদিকে এই দুর্ঘটনা সম্পর্কে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বসন্তপুরে ভোরের দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরানোর সময় চাঁপাইনবাবগঞ্জগামী যানবাহনগুলি প্রেমতলী-বিদিরপুর-পথে চলাচল শুরু করলে হরিশংকরপুর নামক স্থানে থাকা বেইলি ব্রিজটি ভেঙ্গে পড়ে। এতে চালক ও হেলপারসহ তিনজন আহত হয়। ফলে এই সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে বাইপাস সড়কে সকাল সাড়ে ৮টার দিকে পুণরায় যানবাহন চলাচল শুরু হয়েছে।
ওসি জানান, বেইলি ব্রিজটি ভেঙ্গে পড়ার ঘটনাটি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা ফর্ক লিফট এনে ট্রাক দুটি খাদ থেকে তুলে ব্রিজটি চালু করবে বলে জানান তিনি।