
নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গ্রামের মানুষকে সঠিক ভাবে সেবা প্রদান করার জন্য তরুণ ডাক্তারদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘তোমরা গ্রামে গিয়ে ভালো ভাবে কাজ করবে। কোনও ভাবেই যাতে গ্রামের মানুষের সেবা ব্যাহত না হয়। তোমরা সেদিকে লক্ষ্য রাখবে।’
স্বাস্থ্যমন্ত্রী আজ বুধবার দুপুরে রাজধানীর বিএমএ মিলনায়তনে ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ডাক্তার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের অনুষ্ঠানিক ভাবে সরকারি চাকুরিতে যোগদান অনুষ্ঠানে এ আহবান জানান। স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) বাসুদেব গাঙ্গলী, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, স্বাচিপের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, মানুষের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অঙ্গীকার করেছিলেন তা পূরনের লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা মানুষের সেবা দিতে চাই। আমরা চাই প্রতিটা গ্রামের মানুষ সঠিক ভাবে যেন স্বাস্থ্য সেবা পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন মায়ের দোয়া নিয়ে দেশের জন্য কাজ করছেন, তেমনি তোমরা গ্রামে গিয়ে গরীর মানুষের সেবা করবে।
যোগদানকৃত নবীন ডাক্তারদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যাদের যে স্থানে পদায়ন করা হবে, আগামী দু’বছর বাধ্যতামূলক তাদের সেইস্থানে থেকে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিতে হবে। দু’বছরের আগেই নতুন নিয়োগ পাওয়া চিকিৎকসরা নিজ কর্মস্থল থেকে বদলি হতে পারবেন না। দু’বছর পরে আপনাদের ভালোস্থানে পদায়ন করা হবে।
প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলেও জানান তিনি। মোহাম্মদ নাসিম বলেন, নতুন যোগদানকৃত ডাক্তাদের জীবন বৃত্তান্ত দেখে নিজ জেলা-উপজেলায় পোস্টিং দেয়া এবং যদি কোন স্বামী ও স্ত্রী দু’জনই চিকিৎসক হন, তাদের দু’জনকেও এক জায়গায় পোস্টিং দেয়ার ব্যবস্থা করেছি। তাই সবাইকে বাধ্যতামূলকভাবে যোগদানকৃত স্থানে দু’বছর থেকে জনগণকে চিকিৎসা সেবা দিতে হবে ।