News71.com
 Bangladesh
 02 Jun 16, 01:12 AM
 601           
 0
 02 Jun 16, 01:12 AM

মাগুরায় এক গৃহবধূকে পায়ে শিকল বেঁধে নির্যাতন।।

মাগুরায় এক গৃহবধূকে পায়ে শিকল বেঁধে নির্যাতন।।

নিউজ ডেস্ক: মাগুরা সদর উপজেলার বরই গ্রামে মাহফুজা খাতুন নামে এক গৃহবধূকে বারান্দার খুঁটির সঙ্গে পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আজ বিকেলে সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে ওই গৃহবধূকে উদ্ধার করে। এ সময় নির্যাতনকারী স্বামী, ভাসুর ও দেবররা পালিয়ে গেলেও পুলিশ ওই গৃহবধূর শাশুড়িকে আটক করে।

গৃহবধূ মাহফুজা খাতুন সাংবাদিকদের জানান, তার ভাইয়ের ছেলে হিরণের (২০) সঙ্গে ভাসুর মন্টু মিয়ার মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে স্বামী ও ভাসুরসহ পরিবারের লোকেরা তাকে দায়ী করে নানাভাবে নির্যাতন করে আসছেন।

আজ বেলা ১১টার দিকে স্বামী শুকুর, ভাসুর মন্টু, দেবর নান্নু, অতিয়ার, জহির ও শাশুড়ি কমলা তাকে বেদম মারধর করেন। একপর্যায়ে ভাসুর মন্টু অন্যদের সহায়তায় তার পায়ে শিকল বেঁধে ঘরের খুঁটির সঙ্গে তালা মেরে রাখে। তাকে সারাদিন না খাইয়ে রাখা হয়।

পরে বিকেলে জেলার পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহসহ জেলা পুলিশের কর্মকর্তারা গিয়ে তালা ভেঙে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী শুকুর, ভাসুর মন্টুসহ অন্যরা পালিয়ে যায়। আটক মাহফুজার শাশুড়ি কমলা জানান, মাহফুজা আত্মহত্যার হুমকি দেওয়ায় তাকে বেঁধে রাখা হয়েছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন