
নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর প্রথমবারের মতো দেশের জলবায়ু প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উঠে এসেছে বিস্ময়কর সব তথ্য। ৬০ বছরের আবহাওয়ার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ১০০ বছরে গড় তাপমাত্রা বেড়েছে ১.২ ডিগ্রি। এই তাপমাত্রা বৃদ্ধি দেশের ঋতুচক্রের ভারসাম্য নষ্ট করছে বলে মন্তব্য করেছেন আবহাওয়াবিদেরা।
প্রথম প্রকাশিত জলবায়ু প্রতিবেদনে, দেশের ৩৪টি আবহাওয়া কেন্দ্রের ৬০ বছরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত ৩০ বছরের চেয়ে ১৯৮১-২০১০-এ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সব কেন্দ্রেই বেড়েছে। দিন দিন স্পষ্ট হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এ বছর দেশের উত্তর-পূর্বে আকস্মিক বন্যা অথবা উপকূলীয় অঞ্চলে ঘুর্ণিঝড় রোয়ানুর আঘাত জানিয়ে দিচ্ছে সে কথা।
গত ৩০ বছরে আগের তুলনায় বার্ষিক বৃষ্টি বেড়েছে দক্ষিণ-পূর্বাঞ্চল, হাতিয়া-সন্দীপ, রংপুর ও যশোর অঞ্চলে। কমেছে রাজশাহী বিভাগ, ফরিদপুর, ঢাকা, সিলেট, কুষ্টিয়া ও বরিশালে। আবহাওয়াবিদরা বলছেন, বাড়তে থাকা এ তাপমাত্রা দেশের ঋতুচক্রের ওপর প্রভাব ফেলেছে, এতে বৃষ্টির দিন থাকছে বৃষ্টিহীন, পাশাপাশি বাড়ছে তাপ ও শৈত্য প্রবাহের সংখ্যা।