News71.com
 Bangladesh
 02 Jun 16, 12:27 PM
 630           
 0
 02 Jun 16, 12:27 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে আত্মপক্ষ সমর্থন....

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে আত্মপক্ষ সমর্থন....

নিউজ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আদালত প্রাঙ্গণে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে আদালতের উদ্দেশে রওনা দেন তিনি। ১০টা ৩৭ মিনিটে তিনি বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালত প্রাঙ্গণে পৌঁছান।

আজ এ মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে। খালেদা আদালতে না গেলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে আগেই সতর্ক করে দেন আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার।

এ মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের সর্বশেষ তারিখ ছিল গত ১৯ মে। কিন্তু অসুস্থতার কথা বলে তার আইনজীবীরা সময়ের আবেদন করলে শুনানি পিছিয়ে যায়। সে দিনই বিচারক সাফ জানিয়ে দেন, ২ জুন আদালতে অনুপস্থিত থাকলে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

এর আগে গত ৭, ১৭, ২৫ এপ্রিল ও ৫ মে চার দফা খালেদার সময়ের আবেদনে তার আত্মপক্ষ সমর্থন পিছিয়ে যায়। গত বছরের শুরুর দিকে হরতাল-অবরোধ ডেকে টানা তিন মাস খালেদা জিয়া নিজের কার্যালয়ে অবরুদ্ধ থাকার সময় আদালতে না যাওয়ায় একই বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা জারির একমাস ১০ দিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান বেগম খালেদা।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা ভোগ করার অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন তাঁর সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডাব্লিউটিএ এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত তৎকালীন পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন