
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর অবসরপ্রাপ্ত মুখ্য সচিব আবদুস সোবহান সিকদারকে চুক্তিতে ২ বছরের জন্য ইতালির রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে ।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক ত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে। ৩০ই মে সোবহান সিকদারকে ইতালির রাষ্ট্রদূত নিয়োগের জন্য মনোনয়ন দেন পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকা অবস্থায় সোবহান সিকদার ২০১৪ সালের ১৫ ফেব্রয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। ১৯৮১ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আবদুস সোবহান সিকদার জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন ।