
নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী নিরীহ লোকদের ওপর সাম্প্রতিককালে কয়েকটি হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। পুলিশ অনেক ঘটনা প্রতিরোধ করেছে এবং অপরাধীদের ধরতে সক্ষম হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সহিংস চরমপন্থীদের মেরুদন্ড ভেঙ্গে গেছে। তারা এখন আর দলবদ্ধভাবে হামলা করতে পারবে না। বাংলাদেশে মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার নুর আশিকিন বিন্তি মোহদ তাইব আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বৈঠকে তারা দ্বিপক্ষীয় বাণিজ্য, বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবং বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে মালয়েশিয়ার বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার দূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যেকার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ট এবং দু’দেশের জনগণের পযার্য়ে যোগাযোগ সন্তোষজনক। দু’দেশের সরকার প্রধানের মধ্যেও চমৎকার সম্পর্ক রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী আরো বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া জাতিসংঘ, ন্যাম এবং ওআইসি’র মতো আন্তর্জাতিক ফোরামে পরস্পরকে সহযোগিতা করছেন।
পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। মালয়েশিয় রাষ্ট্রদূত , বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার প্রচেষ্টা চালানোর জন্য সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ একটি দ্রুত অগ্রসরমান দেশ এবং এই দেশের অর্থনীতি ভবিষ্যতে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবে।