
নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি ও পাচারের বিষয়ে কোনো বক্তব্য না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর এরশাদ এ ক্ষোভ প্রকাশ করেন।
এরশাদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হলো, সে সম্পর্কে কোনো উচ্চবাচ্য বাজেটে নেই। হাজার হাজার কোটি টাকা বাইরে চলে যাচ্ছে, সে সম্পর্কে কোনো উল্লেখ বাজেটে নেই। পানামা পেপারসে অনেকের নাম এলো, সে সম্পর্কে বাজেটে কিছু নেই। আমরা আশা করেছিলাম এগুলা আসবে এবং আইনের শাসনের কথা তাঁরা বলবেন। আইনের শাসনের কথা তাঁরা বলেন নাই।’
তবে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বাজেটের প্রশংসা করেন। তবে ওয়ার্কার্স পার্টির নেতা ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেনন আয় বৈষম্যের সমালোচনা করেন।