News71.com
 Bangladesh
 03 Jun 16, 06:53 PM
 607           
 0
 03 Jun 16, 06:53 PM

নাটোরের লালপুর থেকে হারিয়ে যাওয়া দুই শিশু ঢাকায় উদ্ধার

নাটোরের লালপুর থেকে হারিয়ে যাওয়া দুই শিশু ঢাকায় উদ্ধার

নিউজ ডেস্ক: নাটোরের লালপুর থেকে নিখোঁজ হওয়া ২ স্কুলছাত্র রাব্বি হোসেন (১৩) এবং রাহেল হোসেনকে (১২) ঢাকা থেকে উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭নং প্লাটফরম থেকে তাদের উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তাদের অপহরণ করা হয়েছিল না তারা স্বেচ্ছায় পালিয়ে এসেছে বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিখোঁজ রাব্বি হোসেনের বাবা মুকুল হোসেন জানিয়েছেন, লালপুর উপজেলার আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রাব্বি হোসেন ও তার মামাতো ভাই করিমপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রাহেল হোসেন গত বুধবার (২৫ মে) একসাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তাদেন কোন সন্ধান পাওয়া যায় নি। বিষয়টি নিয়ে লালপুর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়। এরপর ৩০ মে মোবাইল ফোনে তাদের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে কথিত অপহরণকারীরা। এ অবস্থায় বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা পরিশোধ করা হয়।

এক পর্যায়ে বৃহস্পতিবার রাত একটার দিকে কমলাপুর রেল স্টেশনে রাব্বি ও রাহেলের কান্নাকাটি দেখে রেলওয়ে পুলিশ তাদের উদ্ধার করে বিষয়টি লালপুর থানা পুলিশ জানায়। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, রাব্বি ও রাহেল অপহৃত হয়েছিল না দুষ্টুমি করে পালিয়েছিল তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তিনি বলেন, তাদের লালপুর থানায় নিয়ে আসার জন্য ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে। থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে বিষয়টি পরিষ্কার হবে।

আর যে মোবাইল থেকে বিকাশের মাধ্যমে টাকা নেওয়া হয়েছিল তা রেজিস্ট্রেশন করা ছিল না । পুলিশ মোবাইলকারীর অবস্থান শনাক্ত করতে পারলেও ওই ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে তাকে চিহ্নিত করার চেষ্টা অব্যাহত আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন