News71.com
 Bangladesh
 03 Jun 16, 09:47 PM
 489           
 0
 03 Jun 16, 09:47 PM

ফেনীর সোনাগাজীতে অস্ত্রসহ বিএনপি চেয়ারম্যানপ্রার্থী গ্রেপ্তার....

ফেনীর সোনাগাজীতে অস্ত্রসহ বিএনপি চেয়ারম্যানপ্রার্থী গ্রেপ্তার....

নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদকে (৫১) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধার করা হয়েছে আবুল কালাম আজাদের বাড়ি থেকেও।

গ্রেপ্তার অপর দুজন হচ্ছেন হুমায়ুন কবীর মাসুদ (২৭) ও মো. ইদ্রিছ (২২)। আবুল কালাম আজাদ সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। কাল শনিবার ৪ জুন সোনাগাজী উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্প সূত্র মতে, গত বৃহস্পতিবার রাতে ফেনী শহরের দাউদপুর পুলের দক্ষিণে সবজি বাজারের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে আবুল কালাম আজাদ ও তাঁর সহযোগী মাসুদকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও নগদ এক লাখ ২৯ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে আবুল কালামের সোনাগাজীর চর সাহাভিখারী গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি শটগান, দুটি এলজি উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব জানায়, ইউপি নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই অস্ত্রগুলি সংগ্রহ করেন আবুল কালাম আজাদ। এ ছাড়া তিনি সোনাগাজীর উপকূলীয় জলদস্যু বাহিনী প্রধান ভাগিনা কালামের প্রধান পৃষ্ঠপোষক। তাঁর বিরুদ্ধে ফেনী ও সোনাগাজী থানায় একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার রাতে ফেনী শহর ও সোনাগাজীর গ্রামের বাড়িতে অস্ত্র উদ্ধারের ঘটনায় র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের জেসিও নায়েব সুবেদার মো. দোলোয়ার হোসেন বাদী হয়ে ফেনী সদর মডেল থানা ও সোনাগাজী মডেল থানায় দুটি পৃথক অস্ত্র মামলা করেন। আসামিদের ফেনী থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ র‍্যাবের মামলা দায়ের ও আসামিদের পুলিশের কাছে তুলে দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন