
নিউজ ডেস্ক : দেশের বৃহত্তম আমবাজার চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কানসাটে সোনামসজিদ মহাসড়কে সৃষ্ট যানজট নিরসনে প্রশাসন বিভিন্ন নির্দেশনা সহ এক মতবিনিময় সভার মাধ্যমে সংশ্লিষ্টদের সতর্ক করেছে। আইনশৃঙ্খলা রক্ষার মতবিনিময় সভায় জানান হয় প্রশাসন অবিলম্বে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিবে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় কানসাট রাজবাড়ি মাঠে আম ব্যবসাযী,চাষি, শ্রমিক, আড়ৎদার, ইজারাদার সহ আম সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছে স্থানীয় পুলিশ কর্মকর্তারা।
কানসাট আম আড়ৎদার সমন্বয় সমিতির ব্যবস্থাপনায় সমিতির সভাপতি আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব খান। অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার(নবাবগঞ্জ সার্কেল) ওয়ারেশ আলী মিঞা, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এমএম ময়নুল ইসলাম, কানসাট আম আড়ৎদার সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক কাজী এমদাদুল হক , সহ-সভাপতি মো.হাবীবুললাহ , যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক,ইজারাদার মালিক আমিনুল ইসলাম, প্রবোদ দত্ত প্রমূখ।
সভায় জানান হয়, গত ২৫ মে থেকে দেশের বৃহত্তম কানসাট আম বাজারে শুরু হয়েছে আম ক্রয়-বিক্রয়। এখানে মাসখানেক আগে থেকেই নির্মান করা হয়েছে অস্থায়ী আড়ৎ সহ বিভিন্ন স্থাপনা। সেই সাথে প্রতিবছরের ন্যায় গুরুত্ত্বপূর্ন ও ব্যস্ততম সোনামসজিদ মহাসড়কের উপর মূলত: গড়ে ওঠা আম বাজারটিকে ঘিরে প্রায় ৩ কি.মি ব্যাপী অসহনীয় যানজট সৃষ্টি হয়েছে। আমের ভরা মৌসুমে এই জট আরও বাড়বে।
ফলে বরাবরের মতই উদ্বিগ্ন ও অতিষ্ঠ হয়ে উঠেছে মগাসড়ক ব্যবহারকারী,এলাকার জনসাধারণ ও পথচারিরা। যানজটের কারণে অনেক সংকটাপন্ন রোগি চিকিৎসা নিতে সময়মত হাসপাতালে পৌছাতে পারেনা। এ রকম ঘটনায় বিগত বছরগুলিতে রাস্তাতে প্রাণ হারিয়েছে অনেক রোগী। শিক্ষার্থী কিংবা সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মরতরা সময়মত পৌছাতে পারেন না তাদের গন্তব্যে।
পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপণ্য সহ আমদানীপণ্যবাহী দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরের ট্রাকগুলিও এখানে আটকা পড়ে ঘন্টার পর ঘন্টা। এ পরিস্থিতিতে শুক্রবার পুলিশ প্রশাসন আম চাষি, শ্রমিক, আড়ৎদার, ইজারাদার সহ আমের সাথে সংশ্ষ্টি ব্যক্তিদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এই মতবিনিময় সভা করে।