
নিউজ ডেস্কঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে ও লাঞ্ছনাকারীর বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা । আজ বেলা ১১টার দিকে ক্লাস বর্জন করে উপজেলার গোড়ল ইউনিয়নের খান্ডোরচড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে তারা।
এছাড়া শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকরাও অংশ নেন। তার আগে গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই বিদ্যালয় মাঠে প্রকাশ্যে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফকে লাঞ্ছিত করেন আব্দুস সাত্তার নামে স্থানীয় এক মাতব্বর ।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হতে না পেরে আব্দুস সাত্তার বিদ্যালয় মাঠে প্রকাশ্যে শারীরিক প্রতিবন্ধী প্রধান শিক্ষক আব্দুল লতিফকে চড়-থাপ্পর ও কিল-ঘুষি মারেন। এ ঘটনায় গতকাল রাতে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ওই শিক্ষক। কিন্তু এখনো পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে ।