
নিউজ ডেস্কঃ রংপুরের পীরগঞ্জ উপজেলায় সুমন মিয়া নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খস্ট্রি পশ্চিমপাড়া গ্রামের একটি গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় । সুমন মিয়া পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের খস্ট্রি পশ্চিমপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে পাঠগ্রাম মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র ছিলো। এ বিষয়টি জানিয়েছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম।
নিহতের বাবা জানান, আজ ভোর ৪টার দিকে তাকে কেউ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সে বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজির পর তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রমেক হাসপাতাল মর্গে পাঠায় ।
কী কারণে তাকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। রংপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, সুমনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে ।