
নিউজ ডেস্কঃ ২০১৬ সালের মধ্যে প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে অভিভাবকরা ।আজ সকাল ৯টায় ভিকারুননিসা নুন স্কুলের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। মানববন্ধনে অভিভাবকরা বলেন, শিশুর মানসিক বিকাশে এবং হয়রানি থেকে বাঁচতে পিইসি পরীক্ষা বাতিল করতে হবে।কোমলমতি শিক্ষার্থীরা কিছু বোঝার আগেই তাদের পরীক্ষার বোঝা চাপিয়ে দেয়া হয়। এ পরীক্ষা শারীরিক ও মানসিক চাপ ছাড়া আর কিছুই নয় ।
তারা আরও বলেন, যেহেতু সরকার ইতোমধ্যে পিইসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু এ সিদ্ধান্ত এ বছর থেকেই চালু করা হোক। আন্দোলনে নেতৃত্বদানকারী দিলারা আক্তার জানান, আমরা ইতোমধ্যে আমাদের দাবিগুলো সরকারের সংশ্লিষ্টদের জানিয়েছি। ১ মাসের মধ্যে এ বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সকাল সাড়ে ৭টায় অভিভাবকরা আবারও সমবেত হবেন বলেও জানান তিনি ।