
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা । শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ গিয়ে সমাবেশে মিলিত হয় । বিশ্ববিদ্যালয় ছুটির পর এটাই তাদের প্রথম কর্মসূচি । এর আগে মন্ত্রীদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১৫ মে ইংরেজি বিভাগ ও ১৭ মে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চলমান আন্দোলন স্থগিত করেন ।
সমাবেশে ইংরেজি বিভাগের সভাপতি এ এফ এম মাসউদ আখতার বলেন, ‘মামলার কিছু অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করছি । তবে অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলার জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকবে । এছাড়া ৬ জুন শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনেও আমরা অংশগ্রহণ করবো একই দাবিতে ৬ জুন সকাল সাড়ে ১০টা থেকে ১১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সমানে মানববন্ধন কর্মসূচি পালন করবেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি । সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন ।
গত ২৩ এপ্রিল শালবাগান এলাকায় নিজ বাসা থেকে ৫০ গজ দূরে দুর্বৃত্তদের হাতে নির্মম ভাবে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী । এরপর থেকে তাঁর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ।