
নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী সাবেকুন্নাহার সনির বাবা হাবিবুর রহমান ভূঁইয়া বলেছেন, ‘শিক্ষাঙ্গন একদিন সন্ত্রাসমুক্ত হবে। তার জন্য অনেক দিন অপেক্ষা করতে হবে, এটা জানি। তবে আমি হতাশ নই। একদিন দেশে সুদিন আসবে।’বুয়েটের কেমিকৌশল বিভাগের মেধাবি ছাত্রী সাবেকুন্নাহার সনির চতুর্দশ মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে আজ শনিবার এক আলোচনা সভায় হাবিবুর রহমান এই আশাবাদ ব্যক্ত করেন। রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সনি মেমোরিয়াল ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে। দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে বিবদমান দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে ২০০২ সালের ৮ জুন নিহত হন সনি। ২০০৩ সালের ২৯ জুন দ্রুত বিচার আদালত বুয়েট ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত মুকি, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা টগর ও সাগরকে ফাঁসির রায় দেন। হাইকোর্ট ২০০৬ সালে তাঁদের সাজা কমিয়ে যাবজ্জীবন করেন। হত্যাকাণ্ডের পর টগর পুলিশের হাতে গ্রেপ্তার হলেও মুকি ও সাগর এখনো ধরা পড়েননি। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘মেধাবী ছাত্রী সনি কেন মারা গেল? কিছু তথাকথিত ছাত্রের চাঁদা তোলার প্রতিযোগিতায়।’ শিক্ষাঙ্গনে এসব বন্ধ করতে হবে । সনির মৃত্যুবার্ষিকী সন্ত্রাসমুক্ত দিবস হিসেবে পালনের দাবি রাখে। অনুষ্ঠানের প্রধান অতিথি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বুয়েটের সাবেক উপাচার্য এ এম এম শফিউল্লাহ বলেন, ‘আমরা শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে চাই। ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক দল ও সংগঠনের ছত্রচ্ছায়ায় টেন্ডারবাজি হচ্ছে। স্বার্থের জন্য মারামারি লেজুড়বৃত্তি হচ্ছে।’
আলোচনা সভায় আরো বক্তব্য দেন বুয়েটের কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শওকত চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব হোসেন, অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী প্রমুখ।