News71.com
 Bangladesh
 04 Jun 16, 11:57 PM
 713           
 0
 04 Jun 16, 11:57 PM

উত্তরায় রাজউকের ফ্ল্যাট, আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত

উত্তরায় রাজউকের ফ্ল্যাট, আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত

নিউজ ডেস্ক: উত্তরায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৬ হাজার ৬৬৩টি ফ্ল্যাটের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। ৩০ জুন পর্যন্ত এই ফ্ল্যাট কেনার জন্য আবেদন করা যাবে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা জানিয়েছেন।

আজ শনিবার উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরে এক ক্যাম্পেইন অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী এই কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৮ এলাকার সাংসদ সাহারা খাতুন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সদস্য এ কে এম ফজলুল হক এবং গৃহায়ণ ও গণপূর্তসচিব মো. শহীদউল্লা খন্দকার।

উত্তরা ১৮ নম্বর সেক্টরে প্রায় ২১৪ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে রাজউকের এই অ্যাপার্টমেন্ট প্রকল্প। এই প্রকল্পের ‘এ’ ব্লকে ৮৫ দশমিক ৫২ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে ৭৯টি অ্যাপার্টমেন্ট ভবন। সাধারণ মানুষের আবাসন সমস্যার সমাধানে এসব অ্যাপার্টমেন্ট নির্মাণ করেছে রাজউক। সহজ ও দীর্ঘমেয়াদি কিস্তিতে ফ্ল্যাটের বিক্রির কাজ শুরু হয়েছে। কমন স্পেসসহ ১ হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের ৬ হাজার ৬৬৩টি ফ্ল্যাটের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব ফ্ল্যাটের প্রকৃত আয়তন ১ হাজার ২৭৬ বর্গফুট। ১৭টি ক্যাটাগরির মানুষ এ ফ্ল্যাট কিনতে পারবে। ৩০ জুন পর্যন্ত আগ্রহী ক্রেতারা ফ্ল্যাট কেনার আবেদন করতে পারবেন।

প্রধান অতিথির বক্তৃতায় গণপূর্তমন্ত্রী বলেন, রাজউক কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। তাই বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এসব ফ্ল্যাটের দাম নির্ধারণ করা হয়নি। অন্য যেকোনো ফ্ল্যাটের চেয়ে এ ফ্ল্যাটের দাম অনেক কম। অন্যদিকে এখানে বসবাসের সুযোগ-সুবিধা অনেক বেশি। কিস্তিও আগের তুলনায় সহজ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন