
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে এক শোক বার্তা পাঠিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী শোক বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং বিশ্ব বক্সিয়ের কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলী গতরাতে আকস্মিকভাবে মৃত্যুবরণ করায় আমি গভীর দুঃখ প্রকাশ করছি (ইন্নালিল্লাহি...রাজিউন)। যিনি বাংলাদেশেরও একজন সম্মান সূচক নাগরিক ছিলেন।’ বিবৃতিতে আরও জানানো হয়, সৌদি আরবে সফরকালীন জেদ্দায় অবস্থানরত প্রধানমন্ত্রী সেখান থেকে এই শোক বার্তাটি পাঠান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে আমি আপনার (ওবামা) কাছে এবং আপনার মাধ্যমে মরহুমের শোকসন্তপ্ত পরিবার এবং যুক্তরাষ্ট্রের জনগণের কাছেও গভীর শোক জানাচ্ছি।
মোহাম্মদ আলীকে সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্ব আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, তিনি তাঁর বিস্ময়কর প্রতিভা ও বক্সিং দক্ষতা এবং সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বরের মাধ্যমে সমগ্র মানবজাতির মর্যাদাকে সমুন্নত করার জন্য দীর্ঘদিন থেকেই বাংলার ঘরে ঘরে অত্যন্ত সুপরিচিত ও শ্রদ্ধার পাত্র। এই সর্বকালের সেরা বক্সার আমাদের বন্ধুপ্রতীম দুটি দেশের একটি সেতুবন্ধ ছিলেন এবং সেভাবেই ভবিষ্যৎ প্রজন্মের কাছেও তিনি সমাদৃত হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি ও গভীর সমবেদনা জানান।