
নিউজ ডেস্কঃ মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে যশোরের চৌগাছা উপজেলার ৬ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দূর্ভোগের মধ্যে পড়েছে । সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাস মালিক সমিতির লাইন সেক্রেটারী আর্মি শাহাজান তার পুরাতন ভাংড়ি বাসটি বিক্রয় করে দিয়ে সম্প্রতি একটি টাটা বাস ক্রয় করে নিয়ে আসে। আজ সকালে শাজাহানের নতুন বাসটির প্রথম ট্রিপ ছিল।
কিন্তু বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, এ বাস এ সড়কে চালানো যাবে না, তাই বলে তারা বাসটির ট্রিপ বাতিল করে দেয়। এসময় শাহাজানের বাসের শ্রমিকরা বাসটি টিকিট কাউন্টারের সামনে আড়াআড়ি রেখে দেয়। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা শাহাজানের পক্ষে যোগ দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে চৌগাছা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, আমাদের নিজেদের মধ্যে একটু ঝামেলা হয়েছে, যে কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা সমস্যা সমাধানের জন্য মিটিংএ বসেছি ।
যে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে সেগুলো হলো- যশোর-চৌগাছা, চৌগাছা-মহেশপুর, চৌগাছা-কোটচাঁদপুর, চৌগাছা-ঝিকরগাছা, চৌগাছা-পুড়াপাড়া ও চৌগাছা-শার্শা। এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিসগামী যাত্রীরা বেশি দূর্ভোগে পড়েছে। তাদের অনেকে জীবনের ঝুঁকি নিয়ে শ্যালোইঞ্জিন চালিত যানবাহনে করে অফিসে যেতে হয়েছে ।