
নিউজ ডেস্কঃ আজ রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনেকালে বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কের গুরুত্বপূর্ণ ১০টি মোড়ে সড়ক স্বেচ্ছাসেবক হিসেবে ৯শ’ তরুণকে নিয়োগ প্রদান করা হবে।
মন্ত্রী আরও বলেন, ঈদ-উল ফিতরের আগের পাঁচদিন তিন শিফটের প্রতি শিফটে ৩০০ জন করে কাজ করবেন। তারা ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশকে যথাযথ সহযোগিতায় নিয়োজিত থাকবেন। স্কাউট-বিএনসিসি ও এলাকাভিত্তিক কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সামাজিক সংগঠন থেকে এসব তরুণ স্বেচ্ছাসেবককে সম্পৃক্ত করা হবে। তাদেরকে কিছু সম্মানিও দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ স্পটগুলোকে চিহ্নিত করে মন্ত্রী বলেন, আশুলিয়ার জিরাবো বাজার, ফ্যান্টাসি কিংডমের সামনের সড়ক, বাইপাইল মোড়, বল্দ্রি চন্দ্রা মোড়, কোনাবাড়ি, কালিয়াকৈর, নবীনগর কাঁচপুর, ভুলতা ও মেঘনা সড়কে স্বেচ্ছাসেবকরা কাজ করবেন।
উল্লেখ্য, সড়ক ও মহাসড়ক অধিদফতর, মহাসড়কের যানজট প্রবণ এলাকার পাশে অস্থায়ী টয়লেট নির্মাণ করবে বলে আশ্বাস দেন মন্ত্রী।