
নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহান মিঞাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারী শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় বিএনপিকর্মী জমশেদ আলী নিহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞাসহ কয়েক হাজার ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। এ ছাড়াও ভাঙচুর ও বিস্ফোরক আইনে আরো ২টি মামলাসহ জমসেদ হত্যা মামলায় আদালতে আত্মসমর্পন করেন সাবেক এমপি অধ্যাপক শাহাজান মিঞাসহ দুজন।
দায়েরকৃত ওই ৩টি মামলায় অধ্যাপক শাহজাহান মিঞাসহ দুজন জামিনের জন্য আদালতে আত্মসমপর্ণ করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনামুল বারী ১টি মামলায় তাদের জামিন দিলেও অপর ২টি মামলায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ শফিকুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।