
নিউজ ডেস্কঃ সোনাগাজীতে ফেনী-৩ আসনের (দাগনভূঞা-সোনাগাজী) স্বতন্ত্র সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা । আজ রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি তাজা ককটেল উদ্ধার করেছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা সোনাগাজী সদর ইউনিয়নের সোনাপুর এলাকায় এমপি রহিম উল্লাহর বাসা লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারে। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি ।
এ ব্যাপারে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত এমপির বাড়ির সামনে গিয়ে ৪টি তাজা ককটেল উদ্ধার করে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, সংসদ সদস্য রহিম উল্লাহ ঢাকায় অবস্থান করছেন ।