
নিউজ ডেস্ক : ঢাকার অদূরে আশুলিয়ায় ট্রাকের চাপায় সালেনুর বেগম (৪২) নামে এক নারী পোশাক শ্রমিকের নিহত হয়েছে। তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকার মনির মাস্টারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় অনন্ত পোশাক কারখানায় ফিনিশিং সেকশনে কাজ করতেন বলে জানা গেছে। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে অগ্নিসংযোগ করাসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, স্থানীয় অনন্ত পোশাক কারখানার এক নারী পোশাক শ্রমিক কারখানায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বেপরোয়াগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে তার সহকর্মীরা উত্তেজিত হয়ে ট্রাকটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়।
এ সময় অন্তত ৪-৫টি গাড়িও ভাঙচুর করা হয়। পরে থানা পুলিশ ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তেজিত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় আধ ঘণ্টা পর সড়কটি দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।