News71.com
 Bangladesh
 06 Jun 16, 01:23 PM
 503           
 0
 06 Jun 16, 01:23 PM

জামায়াত নেতা যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির সাজা বহাল রেখে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় প্রকাশ.....

জামায়াত নেতা যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির সাজা বহাল রেখে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় প্রকাশ.....

নিউজ ডেস্ক: জামায়াত নেতা মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলার আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। ট্রাইব্যুনালের ফাঁসির সাজা বহাল রেখে আপিলের চূড়ান্ত রায়টি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। যার মধ্যে দিয়ে দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরুর পথ তৈরি হল। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারপতিরা রায়ে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী রায়ের এই পূর্ণাঙ্গ অনুলিপি এখন পাঠানো হবে এ মামলার বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের বিচারকদের সামনে উপস্থাপন করার পর রায়ের প্রত্যায়িত কপি পাঠানো হবে কারা কর্তৃপক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। নিয়ম অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও অবহিত করা হবে। আপিল বিভাগের সর্বোচ্চ সাজার আদেশ হাতে পেয়ে ট্রাইব্যুনাল কারাগারে মৃত্যু পরোয়ানা পাঠাবে। ওই মৃত্যু পরোয়ানার ভিত্তিতেই সরকারের তত্ত্বাবধানে কারা কর্তৃপক্ষ সাজা কার্যকরের প্রস্তুতি নেবে।

অবশ্য দণ্ড কার্যকরের আগে আপিলের রায় পুনর্বিবেচনার সুযোগ পাবেন একাত্তরের বদর নেতা মীর কাসেম। রিভিউ না টিকলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষাও তিনি চাইতে পারবেন। দুই আর্জিই নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে। তার আগে আসামির সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন পরিবারের সদস্যরা।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দুই অভিযোগে মীর কাসেমের মৃত্যুদণ্ড এবং আট অভিযোগে সব মিলিয়ে ৭২ বছরের কারাদণ্ড হয়েছিল। আর চলতি বছর ৮ মার্চ আপিলের রায়ে মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদকে খুনের দায়ে এক অভিযোগে এই জামায়াত নেতার মৃত্যুদণ্ড এবং আরও ছয় অভিযোগে ৫৮ বছর কারাদণ্ডের সাজা বহাল রাখা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন