
নিউজ ডেস্ক : গাজীপুরে এক নারীকে হত্যা দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এই রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির নাম মো. নূরুল আমিন ওরফে নূরা (২৩)। তাঁর বাড়ি গাজীপুরের কালীগঞ্জে।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম নিউজ৭১ কে জানান, গত বছরের ৩১ মার্চ কালীগঞ্জের সাওরাইদ গ্রামের মিনারা খাতুনকে হত্যা করা হয়। এ ঘটনায় ২ এপ্রিল নূরুল আমিনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা হয়। তদন্ত শেষে গত বছরের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষনা করেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি হারিজ উদ্দিন। আসামিপক্ষে ছিলেন প্রণব কুমার সরকার।