
নিউজ ডেস্ক: "দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে খাদ্য ঘাটতি ছিল, আর আওয়ামী লাগী ক্ষমতায় আসার পর দেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ আছে। আন্দোলন করে বিএনপি মানুষ হত্যা করেছিল, রাস্তাঘাট অবরোধ করে। এর মধ্যেই বর্তমান সরকার কৃষকদের কাছে সার পৌঁছে দিতে সক্ষম হয়েছে।"
আজ সোমবার বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর প্রমুখ।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দক্ষিণ-পশ্চিমাঞ্চল কৃষি সহায়ক প্রকল্পের আওতায় কৃষক সংগঠনের মাঝে বিনামূল্যে ৯টি পাওয়ার টিলার বিতরণ করেন। পরে শিল্পমন্ত্রী ১১ লাখ টাকা ব্যয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন ভবন উদ্বোধন করেন।