News71.com
 Bangladesh
 06 Jun 16, 07:09 PM
 508           
 0
 06 Jun 16, 07:09 PM

বেসিক ব্যাংক জালিয়াতি মামলায় ব্যবসায়ী আটক ।। সাবেক চেয়ারম্যান বাচ্চু এখনও অধরা......

বেসিক ব্যাংক জালিয়াতি মামলায় ব্যবসায়ী আটক ।। সাবেক চেয়ারম্যান বাচ্চু এখনও অধরা......

নিউজ ডেস্ক: বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় করা মামলায় আরেক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন বলে সংস্থাটির জনসংযোগ বিভাগ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যবসায়ীর নাম মো. সাবির হোসেন। তিনি এআরএসএস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিক। গত বছরের ২২ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে ৮৪ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

যদিও বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হলেও তাঁকে বাদ দিয়েই গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ৫৬টি মামলা করে দুদক। ৫৬ মামলায় মোট আসামি ১২০ জন। আসামিদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৭ জন, ১১ জন সার্ভে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বাকিরা ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিক। মামলাগুলোতে মোট ২ হাজার ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

ওই সব মামলায় ইতিমধ্যে ব্যাংকটির পাঁচ কর্মকর্তা ও তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে দুদক। দুদকের গ্রেপ্তার অভিযানে বেসিক ব্যাংক জালিয়াতির ঘটনায় সবার আগে গ্রেপ্তার হন ব্যাংকটির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহান ও মো. সেলিম এবং উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও গুলশান শাখার ব্যবস্থাপক শিপার আহমেদ।

এরপর ব্যাংকটির মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদীন চৌধুরী ও প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তিন ব্যবসায়ী হলেন মেসার্স এমারেল্ড ড্রেস লিমিটেডের সৈয়দ হাসিবুল গণি, এশিয়ান শিপিং বিডির প্রোপ্রাইটর মো. আকবর হোসেন ও ফারশি ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুন নবী চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন