
নিউজ ডেস্কঃ ভবন সংস্কার সম্পন্ন করে বিল্ডিং কোড অনুসারে সনদ পাওয়ার আগ পর্যন্ত রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেটের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে অংশ নিয়ে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক প্রতিবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ২ মে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মৌচাক মার্কেট কর্তৃপক্ষকে একটি চিঠি দেয়। ওই চিঠিতে মার্কেট ভবনের ঝুঁকির কথা উল্লেখ করে দোকান খালি করে ভবনটিকে সংস্কার করতে বলা হয়। রাজউকের এর চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মৌচাক মার্কেটের ভবন মালিক আশরাফ কামাল পাশা হাইকোর্টে এই রিট আবেদন করেন।
উল্লেখ্য, আদালতে উক্ত আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোতাহার হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.মোখলেছুর রহমান।
পরবর্তিতে মোখলেছুর রহমান জানান, মার্কেট বন্ধ রাখার আদেশ বাস্তবায়ন করবেন গৃহায়ন ও গণপূর্ত সচিব এবং রাজউক। এছাড়া আদালত রুলও জারি করেছেন। রুলে ওই ভবন সংস্কারে রাজউকের নির্দেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দোকান খালি করতে কেন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে না,তা জানতে চেয়েছেন আদালত।