
ঢাবি প্রতিনিধি: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ঢাকা শহরকে পরিষ্কার রাখতে প্রতিটি নাগরিককে মেয়রের ভূমিকা নিয়ে কাজ করতে হবে । বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষে ছাত্রলীগের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কমসূচিতে তিনি এ কথা বলেন । ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস , আমাদের অঙ্কীকার ‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাবি শাখা ছাত্রলীগে এ কর্মসূচির আয়োজন করে।
ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক । অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ।
মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার সামগ্রিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে ঢাবি ছাত্রলীগের এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য মেয়র তাদের ধন্যবাদ জানান । দক্ষিণ সিটি সব সময় তাদের সাথে থাকবে । তিনি বলেন, বাড়ির আঙ্গিনায় গাছ লাগালে হোল্ডিং চার্জ ১০ শতাংশ মওকুফ করা হবে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন ,আমরা আমাদের ক্যাম্পাস পরিষ্কার রাখবো । আর এ জন্য প্রয়োজন মন-মানসিকতা পরিষ্কার রাখা । মনের মাঝে পরিচ্ছন্নতা বোধ থাকলে সবকিছু পরিষ্কার থাকবে বলে তিনি মন্তব্য করেন।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আমাদেরকে কথার থেকে কাজ বেশি করতে হবে । আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্নতা অপরের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে । ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ঢাবি ছাত্রলীগের এ উদ্যোগকে স্বাগত জানান ।
ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম রোববার ঢাবি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে ছাত্রলীগ । এভাবে দেশের প্রতিটি ক্যাম্পাসে যদি ছাত্রলীগের নেতাকর্মীরা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কাজ করে তাহলে ক্যাম্পাসে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে ।