
নিউজ ডেস্ক: সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসায় রোজা-ঈদের ছুটি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। তবে উচ্চ মাধ্যমিক, অনার্স-মাস্টার্স ও ডিগ্রি পর্যায়ের কলেজগুলোতে ছুটি শুরু হবে ২২ জুন(১৬ রোজা) থেকে। যদিও ইতিমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় রোজার আগেই ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু বেশিরভাগ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রোজার মধ্যে বেশকিছু দিন ক্লাস-পরীক্ষা চলবে।
এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ বলেন, রমজান মাসে ঢাকা শহরে রাস্তাঘাটেও ব্যাপক যানজট থাকে। এ বাস্তবতাকে সামনে রেখে এবারও রোজার প্রথম দিন থেকেই স্কুল-মাদ্রাসা ছুটি থাকবে। রোজার প্রথম দিন থেকে প্রাইমারি স্কুলে ছুটি শুরুর কথাটি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক মো. আলমগীর।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাইমারি স্কুল ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবার ৭ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ছুটি থাকবে। উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ছুটি থাকবে ২২ জুন (১৬ রোজা) থেকে ৯ জুলাই পর্যন্ত।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল মঙ্গলবার থেকে ছুটি শুরু হচ্ছে। চলবে ১৭ জুলাই পর্যন্ত। এছাড়া ৩ জুন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪৬ দিনের ছুটি শুরু হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সাল পর্যন্ত রোজার প্রথম ১০ দিন স্কুল খোলা রাখা হতো। ২০১৪ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোজার প্রথম থেকেই স্কুল ছুটি দেওয়ার পক্ষে মত দেন। প্রধানমন্ত্রীর এমন মতামতের পর ওই বছর রোজার প্রথম দিন থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়।