News71.com
 Bangladesh
 06 Jun 16, 08:17 PM
 477           
 0
 06 Jun 16, 08:17 PM

নারী সাংবাদিকের শ্লীলতাহানির দায়ে যুবকের ৩ বছরের কারাদণ্ড।।

নারী সাংবাদিকের শ্লীলতাহানির দায়ে যুবকের ৩ বছরের কারাদণ্ড।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মুগদা থানায় করা নারী সাংবাদিকের শ্লীলতাহানির মামলায় এক বখাটে যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ ঢাকার ৫-নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক তানজীনা ইসমাইল এ রায় ঘোষণা করেন।

মামলার রায়ে আরও বলা হয়েছে জরিমানার ওই অর্থ দিতে না পারলে আসামিকে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। দণ্ডিত মাহাবুব হাসান রুমী রাজধানীর ২৩/ক উত্তর মুগদাপাড়ার বাসিন্দা। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলী আসগর স্বপন জানান, এ মামলার বিচারে রাষ্ট্রপক্ষে চারজনের সাক্ষ্য শোনে আদালত। রায় ঘোষণার সময় আসামি রুমী কাঠগড়ায় দাঁড়িয়েও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে।

মামলার নথি সুত্রে জানাগেছে, ওই নারী সাংবাদিকের স্বামীও সাংবাদিকতা পেশায় যুক্ত। তাদের দুই মেয়ে রাজধানীর কমলাপুরের একটি স্কুলে পড়ে। মেয়েদের স্কুলে আনা নেওয়ার সময় ওই নারী সাংবাদিককে প্রায়ই উত্ত্যক্ত করত আসামি রুমী ও তার বখাটে বন্ধুরা। ২০১৩ সালের ২ জুন সেই বখাটেরা পথরোধ করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকলে প্রতিবাদ করেন। এক পর্যায়ে বখাটেরা তার গায়ে হাত তোলে এবং মারধর শুরু করে।

এ সময় বাদির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা সরে যায়। পরে ওই বছরের ৮ জুন মুগদা থানায় আসামি রুমী ও তার সহযোগী রবুর বিরুদ্ধে মামলা করেন ওই নারী সাংবাদিক। এরপরে ঘটনার তদন্ত করে ওই বছরের ৩১ অগাস্ট রুমীকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন