
নিউজ ডেস্কঃ বিএনপির ডাকা অবরোধের মধ্যে রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় আরও ৪ মামলায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আজ দারুস সালাম থানার পুলিশ ওই অভিযোগপত্র দেয় ।
অবরোধ কেন্দ্রিক ঘটনায় এ নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে ১১টি মামলায় অভিযোগপত্র দিল পুলিশ। এর মধ্যে দারুস সালাম থানার পুলিশ ৯টি ও যাত্রাবাড়ী থানার পুলিশ ২টি মামলায় অভিযোগপত্র দেয়। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান, দারুস সালাম থানার ৪টি মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে আজ আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। প্রতিটি মামলাই বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, শুধু দারুস সালাম থানায় করা মোট ৯টি মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে অভিযোগপত্র দেওয়া হলো। এর মধ্যে আজ জমা দেওয়া ৪টি অভিযোগপত্র ঢাকার মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে দাখিল করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, এসব মামলার এজাহারে খালেদা জিয়ার নাম ছিল না। অভিযোগপত্রে খালেদা জিয়াকে পুলিশ হুকুমের আসামি করেছে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে দারুস সালাম থানায় এসব মামলা করে পুলিশ। হরতাল-অবরোধ চলাকালে গাড়িতে আগুন দেওয়া ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ আনা হয়েছে মামলায় ।