News71.com
 Bangladesh
 06 Jun 16, 11:47 PM
 543           
 0
 06 Jun 16, 11:47 PM

কুমিল্লায় তনু হত্যা : ডিএনএ পরীক্ষার প্রতিবেদন কাল মেডিকেল বোর্ডকে দিবে সিআইডি

কুমিল্লায় তনু হত্যা : ডিএনএ পরীক্ষার প্রতিবেদন কাল মেডিকেল বোর্ডকে দিবে সিআইডি

নিউজ ডেস্ক:কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর ডিএনএ পরীক্ষার পুরো প্রতিবেদন কাল মঙ্গলবার দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডকে দেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কাল সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে ওই প্রতিবেদন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে পৌঁছানোর কথা রয়েছে।

তনু হত্যা মামলার তদন্ত সহায়ক দলের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান। আজ সোমবার রাতে রাজধানীর মালিবাগে সিআইডির ফরেনসিক বিভাগ থেকে ওই প্রতিবেদন কুমিল্লায় পৌঁছেছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে রোববার বিকেলে কুমিল্লার অতিরিক্ত প্রধান নির্বাহী হাকিম জয়নাব বেগম ডিএনএর পুরো প্রতিবেদন দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডকে দেওয়ার জন্য সিআইডিকে আদেশ দেন। আদালতের ওই আদেশের পরিপ্রেক্ষিতে সিআইডি ডিএনএর সাতটি পরীক্ষার প্রতিবেদনই মেডিকেল বোর্ডকে দিচ্ছে।

তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা বলেন, ‘ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আসার পর বোর্ডের সদস্যরা বসব। এরপর সবদিক বিচার–বিশ্লেষণ করে ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী তনুর লাশ গত ২০ মার্চ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতরে পাওয়া যায়। ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। এতে মৃত্যুর কারণ নিশ্চিত নয় এবং ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেন চিকিত্সক। পরে আদালতের আদেশে ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তোলা হয়। এদিন কুমিল্লা মেডিকেল কলেজের গঠিত মেডিকেল বোর্ড দ্বিতীয় ময়নাতদন্ত করে। সেই ময়নাতদন্তের প্রতিবেদন এখনো প্রকাশের অপেক্ষায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন