
নিউজ ডেস্ক:একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড (ফাঁসি) বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তার মৃত্যু পরোয়ানা (ডেথ ওয়ারেন্ট) জারি করে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মীর কাশেমের মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সেখানে আসামিকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হবে। এর মধ্য দিয়ে একাত্তরে আরেক নরঘাতক জামায়াতের কর্ম পরিষদের সদস্য মীর কাসেমের দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হলো। এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ পূর্ণাঙ্গ রায় লেখা শেষে সোমবার দুপুরে তা স্বাক্ষর করেন। এরপর ২৪৪ পৃষ্ঠার রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
আপিল বিভাগের দেওয়া ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে প্রধান বিচারপতি ছাড়াও স্বাক্ষর করেছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের মধ্যে এ নিয়ে মোট সাতজনের আপিলের নিষ্পত্তি শেষে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলো।