
নিউজ ডেস্কঃ সেবার উপর ভিত্তি করে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর মান নির্ধারণ (রেটিং) করবে সরকার। এজন্য একটি আইন করা হবে । গতকাল সচিবালয়ে আজ হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিভিন্ন দেশের আইন ও রেটিং পর্যালোচনা ব্যবস্থা বিশ্লেষণ করে শীঘ্রই হাসপাতালগুলোর জন্য একটি অ্যাক্রেডিটেশন আইনের খসড়া চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীর পর্যাপ্ততা, যন্ত্রপাতি ও শয্যার মান, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ সার্বিক খুঁটিনাটি বিচার-বিশ্লেষণ করে হাসপাতালের রেটিং (মান নির্ধারণ) জনগণকে তাদের পছন্দ নির্বাচনে সাহায্য করবে ।
জনগণ যথাযথ চিকিৎসার জন্য মানসম্মত হাসপাতালের শরণাপন্ন হয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘কিন্তু অনেকেই জানেন না কোন হাসপাতালের সেবা কেমন। দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল সম্পর্কে সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছাতে এ রকম একটি আইন প্রণয়ন জরুরি হয়ে পড়েছে। রেটিং করা হলে হাসপাতালগুলোর মধ্যে সেবার মান বাড়ানোর জন্য সুস্থ প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ নাসিম ।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকাসহ দেশের কয়েকটি বড় জেলায় সরকারি হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার কাজ বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রয়োজনে বিদেশি প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।