
নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন আগামী ১৩ জুন নির্ধারণ করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ তারিখ নির্ধারণ করেন।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান অভিযুক্ত নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদসহ মামলার ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
তাদের উপস্থিতিতে, র্যাব কর্মকর্তা মেজর সুরুজ আলীসহ ৫ জনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। সাত খুনের দুই মামলায় একশ' ২৭ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৬৬ জন সাক্ষ্য দিয়েছেন।
উল্লেখ্য ২০১৪ সালের ২৭ এপ্রিল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।