
নিউজ ডেস্কঃ ফরিদপুরে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে আকলিমা নামে এক তরুণীকে হত্যার দায়ে আসামী মিজানকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে ফরিদপুরের শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত মামলার অপর ৩ আসামীকে বেকসুর খালাস দিয়েছেন ।
আজ বেলা ১২টার দিকে ফরিদপুরের শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামী মিজান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দন্ডিত মিজান জেলার সদরপুর উপজেলার শৈলডুবি গ্রামের শাহেদ আলীর ছেলে।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাড. বাবু মোল্লা জানান, আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে ২০১১ সালের ১১ই ডিসেম্বর বিকেলে ফরিদপুর সদরের আকলিমাকে ফোনে ডেকে নিয়ে যায় আসামী মিজান ও তার ৩ সঙ্গী। তারপর পরের দিন ১২ই ডিসেম্বর ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের একটি মেহগনি বাগান থেকে আকলিমার লাশটি উদ্ধার করে পুলিশ। ধর্ষন ও হত্যার এ ঘটনায় ভাঙ্গা থানার এসআই আব্দুল জলিল মিয়া বাদি হয়ে মিজানকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করা হয় ।