News71.com
 Bangladesh
 07 Jun 16, 05:11 PM
 647           
 0
 07 Jun 16, 05:11 PM

আরও তিন নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ।। দেশে এখন প্রাইভেট ভার্সিটির সংখ্যা ৯৫

আরও তিন নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ।। দেশে এখন প্রাইভেট ভার্সিটির সংখ্যা ৯৫

নিউজ ডেস্ক: নতুন আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াচ্ছে ৯৫টি।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইতিমধ্যে এই তিনটি বিশ্ববিদ্যালয় অনুমোদনের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। এখন তাঁরা চিঠি দিয়ে উদ্যোক্তাদের জানিয়ে দেবেন।জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আনিসুজ্জামান। এর ইংরেজি নাম হবে টেগোর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস। এটি হবে রাজধানীর অদূরে কেরানীগঞ্জে।

আরেকটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ। এটি হবে বরিশালে। এর উদ্যোক্তা হিসেবে রয়েছেন বরিশালের বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ইমরান চৌধুরী। তবে এই বিশ্ববিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সঙ্গে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী ও সাবেক ছাত্রলীগ নেতা শওকত হোসেন খান ।

আরেকটি বিশ্ববিদ্যালয় হবে নারায়ণগঞ্জে। এটির নাম রূপায়ণ এ কে এম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়। এটির উদ্যোক্তা হিসেবে লিয়াকত আলী খানের নাম রয়েছে। উল্লেখ্য, এ কে এম শামসুজ্জোহা প্রয়াত রাজনীতিবিদ।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৪১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। কিছুদিন আগে দুই দফায় সাতটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ঢাকায় তিনটি এবং চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে একটি করে বিশ্ববিদ্যালয় রয়েছে। আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়ার উদ্যোগ চলছে।

সূত্রমতে, নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন, কমপক্ষে তিনটি অনুষদ ও ছয়টি বিভাগ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, ছাত্রছাত্রীদের জন্য কমনরুম, সেমিনার কক্ষসহ পর্যাপ্ত অবকাঠামো থাকতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন