
রাবি প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ও ২৪ জুলাই। মঙ্গলবার দুপুরে মুঠোফোনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, বেশ কিছুদিন আগে ২৩ এবং ২৪ জুলাই যথাক্রমে রুয়েট ও রাবি শাখার কাউন্সিল হবার খসড়া তারিখ নির্ধারিত হয়েছিল। তবে কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা না করায় বিষয়টি এখনো প্রকাশ করা হয়নি। তবে আশা করছি নির্ধারিত তারিখেই এ সম্মেলন ঘোষনা করা হবে।
এর আগে ২০১৩ সালের ২০ জুলাই মিজানুর রহমান রানাকে সভাপতি ও এসএম তৌহিদ আল হোসেন তুহিনকে সাধারণ সম্পাদক করে রাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ২০১৪ সালের ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় তুহিনকে পদ থেকে অব্যহতি দেয়া হয়। এ দিন খালিদ হাসান বিপ্লবকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
চলতি বছরের ১৬ জানুয়ারি ছাত্রলীগ সভাপতি রানাকে দলীয় শৃখলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়। এসময় সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
এ ব্যাপারে রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, সম্মেলন সর্ম্পকে কেন্দ্র থেকে এখনো আমরা কিছু জানিনা। তবে সম্ভাব্য জুলাই মাসের ২৪ তারিখে কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে।