
নিউজ ডেস্ক: রমজান মাসের প্রথম দিনেই আজ মঙ্গলবার বৃষ্টি নেমেছে। বেলা পৌনে দুইটার দিকে রাজধানী ঢাকায় বৃষ্টি ঝরেছে। এই বৃষ্টি কেবল ঢাকাতেই নয়, দেশের প্রায় সব জায়গাতেই হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত রাজধানীতে ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানীর আশপাশের জেলাগুলোয় এর মাত্রা আরও বেশি ছিল। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ জেলায় ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী দিনগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
এর আগে গতকাল সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ৯৬ মিলিমিটার।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, পশ্চিমা লঘুচাপের কারণে এই বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সারা দেশে কমবেশি বৃষ্টি হয়েছে। এর মাত্রা আরও বাড়বে।