
নিউজ ডেস্ক: আগামী ৯ জুন বৃহস্পতিবার ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস’। এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় ‘অ্যাক্রেডিটেশন: সরকারি নীতি নির্ধারণে সহায়তা করে’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রী পৃথক পৃথক বাণী প্রদান করবেন। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও ঢাকা চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এর যৌথ উদ্যোগে মতিঝিলের ডিসিসিআই মিলনায়তনে এক সেমিনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং সভাপতিত্ব করবেন বিএবি’র চেয়ারম্যান অধ্যাপক আলতাফ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সনিয়ির সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এফ বি সি সি আই’র সভাপতি মাতলুব আহমদে এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)-এর সভাপতি হোসনে খালদে।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন একটি টকশো সম্প্রচার করবে এবং মোবাইল ফোন অপারেটরগণ ক্ষুদে বার্তা প্রেরণ করবেন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এই দিবসটি উপলক্ষে প্রচার সামগ্রী, ব্যাগ, কলম, বুকলেট, বর্ণিল স্যুভেনির এবং পোস্টার প্রকাশ করেছে।