
নিউজ ডেস্ক: হজরত খানজাহান বিমানবন্দর নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রীর ফাস্টট্র্যাক প্রকল্পের অন্তর্ভুক্ত হচ্ছে। এ বিমানবন্দর নির্মাণের জন্য ৫৩৬ একর ভূমি অধিগ্রহণ করা হবে। ২০১৯ সালে এর নির্মাণকাজ শেষ হবে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই বিমানবন্দর নির্মাণ প্রকল্প ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৪৪ কোটি ৭৪ লাখ টাকা।
আজকের সভায় জানানো হয়, বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে এ বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে এ অঞ্চলের প্রধান উৎপাদিত পণ্য চিংড়ি রপ্তানিতে এ বিমানবন্দর অত্যন্ত সহায়ক হবে। দ্রুত বিমানবন্দর নির্মাণ এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি।
সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব এস এম গোলাম ফারুক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নমিতা হালদার, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাংগীর আলম প্রমুখ।