News71.com
 Bangladesh
 07 Jun 16, 10:48 PM
 488           
 0
 07 Jun 16, 10:48 PM

খুলনা মেয়রের বরখাস্ত আদেশ স্থগিত

খুলনা মেয়রের বরখাস্ত আদেশ স্থগিত

নিউজ ডেস্কঃ খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র মনিরুজ্জামান মনিকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি ওই বরখাস্তের আদেশ কেন বেআইনী ও অবৈধ ঘোষণা করা হবে না, তা আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের জানাতে বলা হয়েছে।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক-আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। এর ফলে মেয়র পদে মনিরুজ্জামান মনির দায়িত্ব পালনে আপাতত আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী নিতাই রায় চৌধুরী।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বিরুদ্ধে নাশকতার দুটি মামলায় আদালতে চার্জশিট দেওয়া হলে গত বছরের ২ নভেম্বর তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বর্তমান কেসিসির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে আছেন প্যানেল মেয়র-১ আনিসুর রহমান বিশ্বাস।

গত ১৮ এপ্রিল নাশকতার ওই দুই মামলায় জামিনে মুক্তি পান মনিরুজ্জামান মনি। এর পর সম্প্রতি তিনি হাইকোর্টে মেয়র পদ ফিরে পেতে বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

আদেশের পর মনিরুজ্জামন মনি সমকালকে বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাগুলো দেওয়া হয়েছিল। একই কারণে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়। হাইকোর্টের আদেশের ফলে খুলনার জনগণের জয় হয়েছে।'

এদিকে হাইকোর্টের আদেশের খবর খুলনায় পৌঁছানোর পর উচ্ছাস প্রকাশ করেছে বিএনটির নেতাকর্মীরা। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সমকালকে বলেন, নির্বাচিত মেয়রকে বরখাস্ত করে সরকার জনগণের রায়কে অপমান করেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন