News71.com
 Bangladesh
 08 Jun 16, 12:08 AM
 569           
 0
 08 Jun 16, 12:08 AM

জাতীয় সংসদ ভবনে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক স্থাপন

জাতীয় সংসদ ভবনে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক স্থাপন

নিউজ ডেস্ক: দশম জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে আলোচনায় সহযোগিতা প্রদানের জন্য সংসদ ভবনের লেভেল থ্রিতে ‘বাজেট ইনফরমেশন’ হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। সংসদ সচিবালয়ের আয়োজনে ও উন্নয়ন সমন্বয় এর সহযোগিতায় এ হেল্প ডেক্স চালু করা হয়। আজ দুপুরে অধিবেশন শেষে হেল্প ডেস্ক পরিদর্শন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি। পরিদর্শনকালে ডেপুটি স্পিকার বলেন, সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহযোগিতা প্রদানের জন্য সংসদ সচিবালয় সুন্দর একটি উদ্যোগ নিয়েছে।

এখন সংসদ সদস্যদের উচিত এই সুযোগটাকে কাজে লাগানো। তিনি বলেন, সংসদে বক্তৃতা রাখার আগে সংসদ সদস্যগণ এই হেল্প ডেস্ক থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারবেন। এতে বক্তৃতা যত বেশি তথ্যবহুল হবে, ততই গঠনমূলক ও প্রাণবন্ত হবে সংসদ। নবীন সংসদ সদস্যগণ দক্ষতা বৃদ্ধির জন্য কার্যপ্রণালী বিধি ও সংবিধান যাতে সুন্দরভাবে আয়ত্ত্ব করতে পারে, সংসদে বস্তুনিষ্ঠ, গঠনমুলক বক্তৃতা রাখতে পারে, সেজন্য বছরে অন্তত দু’টি ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করার উপরও ডেপুটি স্পিকার গুরুত্বারোপ করেন।

সংসদ সদস্যদের হেল্প ডেস্ক এর সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার তরুণ সংসদ সদস্যদের সংসদ অধিবেশনে অংশগ্রহণ করার সময় একটি সংবিধান ও কার্যপ্রণালী বিধি সঙ্গে রাখার পরামর্শ দেন। এ সময় সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, রুস্তুম আলী ফরাজী, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী, মনিরুল ইসলাম, কাজী রোজী, ফজিলাতুন নেসা বাপ্পী, উম্মে রাজিয়া কাজল, বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আব্দুর রব হাওলাদার, অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী, গোলাম মোস্তফা, সুলতান মাহমুদসহ সংসদ সচিবালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন