
নিউজ ডেস্ক: টাঙ্গাইলের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অপহৃত ১২ বছরের এক কন্যা শিশুকে উদ্ধার ও ২ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের পাগলা থানার নয়ামাটি ও টাঙ্গাইলের কালিহাতী থানার বিল পালিমা গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারী আশরাফুল ও নজরুলকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে আজ মঙ্গলবার টাঙ্গাইলের পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন জানান, ২০১৫ সালের ১০ আগষ্ট টাঙ্গাইলের গোপালপুর থানার মির্জাপুর ফকির মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১২ বছরের কন্যা শিশুটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়।
একই বছর ২০ সেপ্টেম্বর অপহৃতার বাবা গোপালপুর থানায় আশরাফুল ও নজরুলকে আসামি করে অপহরণ ও অপহরণে সহায়তার মামলা করেন। থানার তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ২৭ জানুয়ারি ভিকটিমকে উদ্ধার ও আসামি গ্রেপ্তার ছাড়াই শুধু আসামি আশরাফুলের বিরুদ্ধে চার্জশিট দেন। পরে মামলার বাদী আদালতে দাখিলকৃত চার্জশিটের বিরুদ্ধে নারাজী দিলে গত ১৩ এপ্রিল আদালত মামলাটি তদন্তের জন্য টাঙ্গাইল পুলিশ পিবিআইকে দায়িত্ব দেয়।
তিনি আরো জানান, পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আব্দুল হাই অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের সহযোগিতায় রবিবার (৫ জুন) নারায়ণগঞ্জের পাগলা থানার নয়ামাটি গ্রামে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারী আশরাফুলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আসামি আশরাফুলকে জিজ্ঞাসাবাদে অপহরণে সহায়তার জন্য আসামি নজরুলকে টাঙ্গাইলের কালিহাতী থানার বিল পালিমা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।