News71.com
 Bangladesh
 08 Jun 16, 12:55 AM
 504           
 0
 08 Jun 16, 12:55 AM

গাইবান্ধায় বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড....

গাইবান্ধায় বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড....

নিউজ ডেস্ক: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাবার লিখিত অভিযোগে মাদকাসক্ত ছেলে তরিকুল ইসলাম মারুফকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম মারুফ সাঘাটা উপজেলার উল্লাসোনাতলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। নূর মোহাম্মদ লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে গাঁজা সেবনকালে উল্লাসোনাতলা বাজার থেকে তরিকুলকে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মারুফ প্রায়ই নেশা করে বাড়ি ফিরে তার বাবা-মাসহ পরিবারের লোকজনকে মারধর করত।

এ ঘটনায় বাধ্য হয়ে তার বাবা সাঘাটা থানায় লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ ব্যাপারে সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান জানান, মারুফকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে মারুফকে জেলা কারাগারে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন