
নিউজ ডেস্কঃ চাঁদপুরে এমভি আবে জমজম নামক লঞ্চের কেবিনে অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আজ বিকাল ৩টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ঘটনায় জড়িত সন্দেহে লঞ্চের ম্যানেজারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ ।
লঞ্চটির কেবিন বয় রিয়াদ হোসেন জানান, গতকাল রাত ৮টার দিকে হাইমচরের নীলকমল থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে ২জন লঞ্চে উঠেন। এরপর তারা ১১২নম্বর স্টাফ কেবিনটি ভাড়া নেয়। আজ সকাল ৬টার দিকে ঢাকার সদরঘাটে স্বামী পরিচয় দেয়া ওই ব্যক্তি লঞ্চ থেকে নেমে যান।
সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুরের উদ্দেশে লঞ্চটি ছেড়ে দেয়ার পর জানালা দিয়ে কেবিনের মধ্যে ওই নারীর লাশ দেখতে পায় লঞ্চের বয়রা। এরপর বেলা ১টার দিকে চাঁদপুর ঘাটে লঞ্চটি পৌঁছলে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্লা জানান, ওই নারী অন্ত:সত্ত্বা ছিল। ধর্ষণের পর তাকে হত্যা করা হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লঞ্চের ম্যানেজার ইউনুস মিয়া, কেরানি ফরহাদ হোসেন, কেবিন বয় রিয়াদ হোসেন, সুজন প্রামাণিক ও সোহাগ খানকে আটক করা হয়েছে। নিহত গৃহবধূর মাথার পেছনের দিকে তারকাটা মারা ছিল বলে জানান তিনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি ।