
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে কুপিয়ে এক লাখ ৬৫ হাজার টাকা ও দু’টি মোবাইল ছিনতাই করে নিয়ে যান দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে মহাসড়কের প্রধান ফটক ও মীর মশাররফ হোসেন হল ফটকের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রেজা রাজধানীর গুলশান-২ এ ‘এক্সেঞ্জার’ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানের একাউন্ট ম্যানেজমেন্টের কাজ করেন। ঘটনার সময় তার শ্যালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (৪০ তম আবর্তন) শিক্ষার্থী হেলাল উদ্দিন অনু সঙ্গে ছিলেন।
রেজার শ্যালক হেলাল জানান, সাভার থেকে আইপিএস-এর ব্যাটারি কিনে তারা দুজন রিকশাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়ক লাগোয়া মীর মশাররফ হোসেন হল ফটক পার হওয়ার পর পরই দুই দুর্বৃত্ত রিকশার গতিরোধ করেন। এরপর রেজার বাঁ হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ও দু’টি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।
পরে কয়েকজন শিক্ষার্থী আহত রেজাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ার কর্তব্যরত চিকিৎসক কাজী এজাজ তাকে সাভারের এনাম মেডিক্যালে স্থানান্তরের পরামর্শ দেন। ডাক্তার কাজী এজাজ জানান, ধারালো অস্ত্রের আঘাতে বাম হাতের রগ কেটে গেছে। রেজার জরুরি অপারেশন প্রয়োজন।